ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপতারকা শাকিরার নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি আসরেই তার গান বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উজ্জীবিত করেছে। এবারও বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করতে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী।
ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়ক ও বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি মেসির নিষ্ঠা, শৃঙ্খলা ও সংগ্রামী মানসিকতার প্রশংসা করেন।
শাকিরা লেখেন, “লিওনেল মেসি যা করছে, তা সত্যিই বিস্ময়কর। এটি এমন একজন মানুষের মূল্যবোধকে তুলে ধরে, যিনি অত্যন্ত নিষ্ঠাবান ও সুশৃঙ্খল। সময় ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি এগিয়ে চলেছেন। তিনি প্রমাণ করেছেন, বয়স বা অন্যের কথায় কোনো মানুষের পরিচয় নির্ধারিত হয় না।” ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে থাকা মেসির সাফল্যের পেছনে তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোর ভূমিকার কথাও উল্লেখ করেন শাকিরা।
তিনি বলেন, “আমি জানি, অ্যান্তোনেল্লা রোকুজ্জোর মতো একজন নারী পাশে থাকলে নিজেকে প্রমাণ করার শক্তি ও প্রেরণা পাওয়া যায়।” শাকিরার এই মন্তব্য ভালোবাসা ও আবেগের ইমোজি দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রোকুজ্জো।
এদিকে বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাকিরা। এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো হবে “একেবারেই ঐতিহাসিক”।
তিনি জানান, এই আয়োজনে তার সঙ্গে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী জাস্টিন বিবার, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এবং ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের পাশাপাশি এই জমকালো সাংস্কৃতিক আয়োজনও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :