
সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টাঙ্গঝিরি ৮ নম্বর ওয়ার্ডে এক মাছচাষির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তার প্রায় দুই একর আয়তনের মাছের প্রকল্প সম্পূর্ণ তলিয়ে গিয়ে সব মাছ ভেসে যাওয়ার পাশাপাশি প্রকল্পের অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. জসিম উদ্দিন জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিভিন্ন ব্যক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তিনি দুই একর জায়গাজুড়ে বিভিন্ন প্রজাতির মাছের একটি বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলেছিলেন। আর মাত্র এক সপ্তাহ পর মাছগুলো বাজারজাত করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে এসে তার সব স্বপ্ন ভেঙে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে এসে প্রকল্পের পাড় ভেঙে দেয়। এতে পুকুরের সব মাছ পানির সঙ্গে ভেসে যায় এবং প্রকল্পের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মো. জসিম উদ্দিন বলেন, “এই মাছের প্রকল্পই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। মানুষের কাছ থেকে এবং বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চাষ করেছিলাম। আর মাত্র এক সপ্তাহ পর মাছ বিক্রি করতে পারলে ঋণের বড় একটি অংশ পরিশোধ করতে পারতাম। কিন্তু পাহাড়ি ঢলে সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি।”
তিনি আরও বলেন, “আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন জানাচ্ছি, যাতে আবার নতুন করে মাছচাষ শুরু করতে পারি এবং পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ পাই।”
এলাকাবাসীর দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছচাষিদের তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :