
মাদারীপুর-১, মাদারীপুর-২ এবং ফরিদপুর-১ (দায়িত্বপ্রাপ্ত) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে শিবচরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌর বিএনপির উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, তিনি শিবচরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চান। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হেলেন জেরিন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শিবচরের মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি কাজ করে যাবেন। শিবচরের উন্নয়নে পর্যায়ক্রমে কাঁচা সড়ক পাকাকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিবচরের মানুষের জীবনমান উন্নয়নে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা হেলেন জেরিন খানের দায়িত্বপ্রাপ্তির বিষয়টি স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা শিবচরের উন্নয়ন ও জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :