শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ


শ্যামনগর সাতক্ষীর প্রতিনিধি, এস কে সিরাজ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানববন্ধন ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দাবিকারী মো. আমির আলি গাইন।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ১৯৮৬ সাল থেকে সংশ্লিষ্ট জমির ডি.সি.আর. (ডিমান্ড কালেকশন রেজিস্টার) নিয়মিত নবায়ন করে আসছেন। তিনি বলেন, ওই সম্পত্তি সংক্রান্ত মামলা (নং-২০০/৯০) জেলা প্রশাসকের রাজস্ব আদালতে নিষ্পত্তি হয় এবং ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি তার পক্ষে রায় দেওয়া হয়। ওই রায়ে মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ কমিটির দখলকে অবৈধ উল্লেখ করে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

আমির আলি গাইন আরও বলেন, পরবর্তীতে আহসান হাবিবসহ কয়েকজন বিবাদী খুলনা বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করলেও নিম্ন আদালতের রায় বহাল থাকে এবং ২০১৬ সালের ২৯ নভেম্বর আপিলটি খারিজ হয়ে যায়। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন সময়ে জমি দখলমুক্ত করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ ২০২৩ সালেও ইজারা নবায়নের নির্দেশনা রয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১৭ জুলাই ভুরুলিয়া ইউনিয়নের মৌতলা জাহাজঘাটা এলাকায় আ. সামাদ, আবু সাদ, নুর আলী, রমজান আলী ও আনারুল ইসলামসহ কয়েকজন তার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন এবং বিভিন্ন গণমাধ্যমে “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” তথ্য প্রচার করেন।

তিনি বলেন, “আমি একজন শান্তিপ্রিয় মানুষ। আমার কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি মহল দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি জবরদখল করে রেখেছে। মানববন্ধনের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।”

আমির আলি গাইন আরও জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। তিনি প্রকৃত ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা মানববন্ধনের আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।