নালিতাবাড়ীতে অটোরিকশা দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত


নালিতাবাড়ী( শেরপুর) প্রতিনিধি, এম,এ,কবির প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
নালিতাবাড়ীতে অটোরিকশা দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম শুক্রবার রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান। পরে সেখান থেকে অটোরিকশাচালক কামরুল হোসেনকে ভাড়া করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বালুর স্তূপে সজোরে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

শনিবার ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে সকালে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।