সাতক্ষীরার দেবহাটায় র‌্যাবের অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ আটক এক


সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরার দেবহাটায় র‌্যাবের অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ আটক এক

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার নওয়াপাড়া এলাকায় র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. আমিনুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দেবহাটা উপজেলার বেজোরআটি গ্রামের বাসিন্দা এবং মো. রুহুল গাজীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাদকসহ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।