বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত


নোয়াখালী জেলা প্রতিনিধি, আনিছুর জামান  প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবদুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাইপাস সড়কের চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান সুমন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমন তার শ্বশুরবাড়ি থেকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ৯টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।