
আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, সমাজে আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। কারণ তাঁরা নবী-রাসুলদের উত্তরসূরি হিসেবে মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেন। তবে কোনো আলেম যদি দায়িত্ব থেকে বিচ্যুত হন বা ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেন, তাহলে তার নেতিবাচক প্রভাবও সমাজে সবচেয়ে বেশি পড়ে।
শনিবার (১৮ জুলাই) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গসংগঠন ফরিদগঞ্জ উপজেলা শাখা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলা মুজাদ্দিদে জামান, বাহরে শরীয়ত, শাইখুল মাশায়েখ শাহ্ সুফি হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করে।
পীর ছাহেব বলেন, একজন আদর্শ আলেম তার জ্ঞান, আমল, তাকওয়া এবং উত্তম চরিত্রের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। তিনি বলেন, “সবচেয়ে ভালো সেও আলেম, আবার সবচেয়ে খারাপ সেও আলেম”—এই কথার উদ্দেশ্য আলেম সমাজকে হেয় করা নয়; বরং তাদের দায়িত্ব, জবাবদিহি ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা।
তিনি আরও বলেন, প্রকৃত আলেম মানুষের জন্য রহমত, পথপ্রদর্শক ও নৈতিকতার আদর্শ। তাই আলেমদের উচিত পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সততা, ন্যায়পরায়ণতা, বিনয় এবং তাকওয়ার সঙ্গে সমাজকে নেতৃত্ব দেওয়া। ব্যক্তি নয়, সত্য ও ন্যায়ের অনুসরণই একজন আলেমের প্রকৃত পরিচয় হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পীর ছাহেব উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ইলমের মর্যাদা রক্ষা করতে হবে এবং এমন চরিত্র গড়ে তুলতে হবে, যাতে মানুষ আলেমদের জীবনাচরণ দেখে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে।
বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এ মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার মুফতি মাওলানা মো. হায়দার হোসাইন এবং পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মো. আলী আকবর, চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুদ্দীন খন্দকারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :