স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁতশিল্প ধ্বংস করেছে: বিদ্যুৎমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁতশিল্প ধ্বংস করেছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একসময় তাঁতশিল্পের ওপর ভিত্তি করেই পাকিস্তানের অর্থনীতি সমৃদ্ধ হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ এ শিল্পকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নিজ জেলা সিরাজগঞ্জের মিরপুরে অবস্থিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টুকু বলেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, দলটির জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে এসেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে নিহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তাঁতশিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এই খাতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে বড় উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁতশিল্পে। দেশের ঐতিহ্যবাহী এ শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি এবং ভোটকেন্দ্রে যেতে কোনো বাধা দেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা মানেই কেউ বড় হয়ে যায় না। দেশের মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ শিল্পের সঙ্গে জড়িতদের সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, তাঁতশিল্পের পাশাপাশি দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি লিজ ব্যবস্থার মাধ্যমে এসব শিল্প প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সিরাজগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় জুট মিল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন এবং শিল্পায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।