
বাগেরহাট সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকার রহিমাবাদ স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) এবং মইনুল কাজী (৫২)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের খুলনার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আহত মইনুল কাজী বিকেল আনুমানিক ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে গুরুতর আহত আলিম পরীক্ষার্থী আরাফাতকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে আলিম পরীক্ষার্থী আরাফাতের অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন জানান, যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও একজনের মৃত্যুর তথ্য জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :