বিশ্বকাপের হতাশা ভুলে অনুশীলনে ফিরলেন নেইমার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বিশ্বকাপের হতাশা ভুলে অনুশীলনে ফিরলেন নেইমার

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপের হতাশা ভুলে আবারও ক্লাব ফুটবলে মনোযোগী হয়েছেন তিনি। এরই অংশ হিসেবে নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সম্প্রতি সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। তবে ফেরার প্রথম দিনেই মাঠের অনুশীলনে অংশ নেননি তিনি। বরং জিমনেসিয়ামে শারীরিক অনুশীলনের পাশাপাশি ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে নিজের ফিটনেস যাচাই করেছেন।

অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য নেইমারের এই প্রত্যাবর্তন বড় ধরনের স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। চলতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে দলটির পারফরম্যান্স আশানুরূপ নয়। সর্বশেষ ম্যাচে বোটাফোগোর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে সান্তোস। আলভারো বারিয়ালের গোলে সমতায় ফিরলেও যোগ করা সময়ে গোল হজম করে পরাজয় এড়াতে পারেনি দলটি।

এই কঠিন পরিস্থিতিতে নেইমারের অনুশীলন কেন্দ্রে ফেরা দলের সমর্থকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই তারকা এখনো মাঠের পূর্ণ অনুশীলনে ফেরেননি। তবে ইনডোর ওয়ার্কআউট ও ফিটনেস পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সর্বশেষ গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। ওই ম্যাচের পরদিনই ব্রাজিল জাতীয় দলে ডাক পান তিনি।

চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা নেইমার প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে অংশ নেন তিনি। বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে পেনাল্টি থেকে একটি গোলও করেন এই তারকা। ক্লাব ফুটবলে দীর্ঘ সময় অনুপস্থিত থাকলেও জাতীয় দলের জার্সিতে ৮০ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন নেইমার।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেন নেইমার। তার প্রত্যাবর্তন সান্তোসের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।