বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত?

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ এবার শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতায় নয়, প্রাইজমানির দিক থেকেও গড়েছে নতুন ইতিহাস। ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপ উপলক্ষে ফিফা ঘোষণা করেছে রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রাইজ ফান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবারের প্রাইজমানি প্রায় ৫০ শতাংশ বেশি।

রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা জিতলে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৬ কোটি টাকা। আর রানার্স-আপ দল ঘরে তুলবে ৩ কোটি ৩০ লাখ ডলার, যা প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি টাকা।

ফিফার ঘোষণা অনুযায়ী, এবারের বিশ্বকাপে বিভিন্ন ধাপে বিদায় নেওয়া দলগুলোর জন্যও থাকছে বড় অঙ্কের অর্থ পুরস্কার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। শেষ ষোলো থেকে বাদ পড়া দলগুলোর জন্য বরাদ্দ ১ কোটি ৫০ লাখ ডলার। শেষ ৩২ থেকে বিদায় নেওয়া দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার। এর পাশাপাশি প্রস্তুতি খরচ হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলার দেওয়া হবে। অর্থাৎ অংশগ্রহণকারী ৪৮ দলের প্রত্যেকের জন্যই ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত করেছে ফিফা। ফিফা জানায়, প্রাইজমানির অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হবে। এরপর ফেডারেশন খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাস নির্ধারণ করবে। অবশিষ্ট অর্থ সাধারণত তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়।

এবারের বিশ্বকাপ থেকে ফিফার সম্ভাব্য আয় ধরা হচ্ছে ১০ বিলিয়ন ডলারের বেশি। সেই হিসাবে মোট আয়ের প্রায় ৬ দশমিক ৫ শতাংশ প্রাইজমানি হিসেবে দলগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে। বর্তমান চার বছরের আর্থিক চক্রে ফিফার মোট আয় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের চক্রের ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি।

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার সেই অর্থ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ডলারে। অর্থাৎ বর্তমান বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আগের আসরের তুলনায় ৮০ লাখ ডলার বেশি পাবে। রানার্স-আপ দলের প্রাইজমানিও বেড়েছে ৩০ লাখ ডলার।

ফাইনাল শেষে সেরা খেলোয়াড় পাবেন গোল্ডেন বল, সেরা গোলরক্ষক পাবেন গোল্ডেন গ্লাভস এবং সর্বোচ্চ গোলদাতা জিতবেন গোল্ডেন বুট। এছাড়া চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে আলাদা কোনো অর্থ পুরস্কার থাকছে না।