ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও একটি খামারের মধ্যে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আহমেদাবাদের মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্য ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আহমেদাবাদের আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে। নিহত প্রত্যেকের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত ওই কারখানার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে।