নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ

বগুড়ার নন্দীগ্রামে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জজকোর্টের আইনজীবী এমএ ছোবহান। জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার প্রায় ৫.৯৯ একর আয়তনের বিষলাল পুকুরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুকুর সংস্কার ও সেখানে সাইনবোর্ড স্থাপনকে ঘিরে মনছের আলী সরদারসহ ১০ জন বাদী যৌথভাবে আদালতে মামলা করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, পুকুর সংক্রান্ত একটি চলমান মামলায় আদালত অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে বিবাদীরা পুকুরপাড়ে সরকারি সম্পত্তি দাবি করে সাইনবোর্ড স্থাপন করেন, যা আদালত অবমাননার শামিল।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক শামিমা খাতুন গত সোমবার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নন্দীগ্রামের সহকারী কমিশনার (ভূমি)-কে শোকজ নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে সরাসরি বা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানির মাধ্যমে পরবর্তী বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

মামলা সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট পুকুরটি দীর্ঘদিন ধরে বাদীপক্ষ ভোগদখলে রেখে মাছ চাষ ও বসবাস করে আসছেন। এর আগে সম্পত্তি সংক্রান্ত জটিলতায় ২০২০ সালে একটি মামলা দায়ের হলে ২০২১ সালের ৯ মে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে গত ২৭ এপ্রিল আদালতের নির্দেশ অমান্য করে পুকুরপাড়ে সাইনবোর্ড স্থাপন করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর ২৯ এপ্রিল বাদীপক্ষ পুনরায় আদালতের শরণাপন্ন হন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, বিষলাল পুকুরে সরকার পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি তার জানা রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।