নাহিদ রানার ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
নাহিদ রানার ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে এই জয়ের মাঝেও স্বস্তিতে নেই টাইগার শিবির। কারণ, ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় পেসার নাহিদ রানাকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

শুক্রবার (১৮ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২.৩ ওভার বোলিং করেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তরুণ এই পেসার। ম্যাচ শেষে নাহিদের চোটের বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের কারণে তাকে আর বোলিং করতে দেওয়া হয়নি।

বায়েজিদ বলেন, “নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। এরপর আমরা তাকে আর বল করতে দিইনি। আগামীকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নেব স্ক্যান করা হবে কি না।”

তিনি আরও জানান, নাহিদের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, তা পরবর্তী সময়ে জানা যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় একটি উইকেট শিকার করেন নাহিদ রানা। তার শিকার ছিলেন ব্রায়ান বেনেট। তবে চোট পাওয়ার আগ পর্যন্ত দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন নাহিদ। মাত্র ২৬ রান দিয়ে নিয়েছিলেন ৪টি উইকেট। তার গতিময় বোলিংয়ে মুগ্ধ হয়েছিল ক্রিকেটপ্রেমীরা।

নাহিদের চোট কতটা গুরুতর এবং তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কি না, সেটিই এখন বাংলাদেশের জন্য বড় প্রশ্ন। গুরুত্বপূর্ণ এই পেসারের দ্রুত সুস্থতা কামনা করছেন দলের সতীর্থ ও সমর্থকরা।