
দেশজুড়ে আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ অন্যান্য বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি মানবিক বিবেচনায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে ছাত্রদলের নেতারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে লাখ লাখ পরীক্ষার্থী চরম সমস্যার মুখোমুখি হয়েছে। অনেক শিক্ষার্থী প্রস্তুতি নিতে পারছে না। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি, মানসিক চাপ ও যাতায়াত সংকটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষা সাময়িক স্থগিত করা প্রয়োজন।
ছাত্রদল নেতারা বলেন, বন্যায় দেশের সাত জেলার ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জনে পৌঁছেছে। বন্যাকবলিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত রাখা এবং পরীক্ষার্থীদের সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বন্যাদুর্গত এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যাওয়ায় তারা মানসিকভাবে পিছিয়ে পড়েছে। এ অবস্থায় পরীক্ষা অব্যাহত রাখলে শিক্ষার্থীদের মেধার সুষ্ঠু মূল্যায়ন ব্যাহত হওয়ার পাশাপাশি সুযোগের সমতাও নষ্ট হতে পারে।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক হওয়া, পরীক্ষা কেন্দ্রগুলো উপযোগী করা এবং পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে পরবর্তী সময়ে নতুন সময়সূচি ঘোষণা করা উচিত।
সংগঠনটির দুই শীর্ষ নেতা আশা প্রকাশ করেন, সরকার ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :