মুরাদনগরে রথযাত্রা উপলক্ষে সম্প্রীতি ও সহযোগিতা জোরদারে মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
মুরাদনগরে রথযাত্রা উপলক্ষে সম্প্রীতি ও সহযোগিতা জোরদারে মতবিনিময় সভা

আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা ও উল্টো রথ উৎসবকে ঘিরে কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ। সভা সঞ্চালনা করেন কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, দেবীদ্বার শাখার সভাপতি অধ্যাপক বিমল দত্ত, চান্দিনা শাখার সভাপতি গৌরাঙ্গ সাহা, দাউদকান্দি শাখার সভাপতি মধু চন্দ্র সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ও সদস্য মাসুম মুন্সিসহ অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। তারা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথ উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দও উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।