সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক দুঃস্থ ও প্রতিবন্ধীদের চার লাখ টাকা খাদ্য বিতরণ


সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক দুঃস্থ ও প্রতিবন্ধীদের চার লাখ টাকা খাদ্য বিতরণ

সাতক্ষীরায় শতাধিক দুঃস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় শহরের অদূরে বিনেরপোতা এলাকায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে এ খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া সংস্থাটির পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবে।

তিনি আরও বলেন, মানবিক কর্মকাণ্ডে তিনি সবসময় সম্পৃক্ত থাকতে চান এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন। এ সময় ঋশিল্পী ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমের প্রশংসা করে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সংস্থাটিকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।