তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানি ঢুকছে নিম্নাঞ্চলে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পানি ঢুকছে নিম্নাঞ্চলে

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। এতে নীলফামারীর তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার হওয়ায় বর্তমানে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়তে থাকায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এতে নদী তীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যায় তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রাতে পানি আরও কিছুটা বাড়তে পারে। তবে পরদিন সকালে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যের বরাত দিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, কোনো কোনো এলাকায় বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।