বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

চলমান বন্যা পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানির জন্য বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন, প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর ফলে ব্যাপক প্রাণহানি ও মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়েছে। রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে মানবিক দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।