‘মেসিকে মাটির সঙ্গে মিশিয়ে দেব’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
‘মেসিকে মাটির সঙ্গে মিশিয়ে দেব’

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই ফুটবল শক্তি। ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল দিয়েছেন কঠোর বার্তা। তার দাবি, সেমিফাইনালে লিওনেল মেসিকে থামাতে পারলে আর্জেন্টিনাকে বড় সমস্যায় ফেলবে ইংল্যান্ড।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামের একটি পডকাস্টে জো কোল বলেন, “সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।” এ সময় ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস তাকে এমন মন্তব্য না করার পরামর্শ দিলে কোল পাল্টা বলেন, “আমি এই কথা ১০০ বার বলতে পারি।”

জো কোল আরও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইংল্যান্ড এবার বিশ্বকাপের ফাইনালে খেলবে। তিনি বলেন, “আমাদের যে গতি আছে, আর্জেন্টিনা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তারা পিছিয়ে থাকবে। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি।”

এদিকে ইংল্যান্ডের আরেক সাবেক তারকা ওয়েন রুনিও আর্জেন্টিনার দুর্বলতা হিসেবে তাদের রক্ষণভাগের কথা উল্লেখ করেছেন। তার মতে, আর্জেন্টিনার আক্রমণভাগে মেসির ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও রক্ষণে তার অংশগ্রহণ কম, যা ইংল্যান্ড কাজে লাগাতে পারে।

রুনি বলেন, “সেমিফাইনালের মতো ম্যাচে শুধু আক্রমণে থাকলেই হবে না, প্রয়োজনে রক্ষণেও সাহায্য করতে হবে। জুড বেলিংহ্যাম ও হ্যারি কেন এই কাজটা করে। কিন্তু মেসি সেটা খুব একটা করে না। ফলে আর্জেন্টিনার রক্ষণে সমস্যা তৈরি হতে পারে।”

তবে রুনি একই সঙ্গে মেসির সামর্থ্যের প্রশংসাও করেছেন। তিনি বলেন, সামান্য সুযোগ থেকেও গোল করার ক্ষমতা রয়েছে মেসির। তাকে আটকাতে হলে ইংল্যান্ডের ডিফেন্ডারদের মধ্যে সমন্বয় ও মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সতর্ক করে বলেন, মেসিকে সামান্য জায়গা দিলেও তিনি রক্ষণকে বিভ্রান্ত করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই ইংল্যান্ডকে পুরো ম্যাচজুড়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।