
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে চলাচলকারী গণপরিবহনে অনিয়ম ও মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৮টি মামলায় মোট ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার।
অভিযান সূত্রে জানা যায়, নবাবগঞ্জের বিভিন্ন সড়কে কয়েকটি গণপরিবহন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলাচল করছিল। এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ধারায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, “জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।”
আপনার মতামত লিখুন :