হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে তুলে নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি সরবরাহ রুটটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করা উচিত বলেও দাবি করেছেন তিনি। সোমবার (১৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

হরমুজ প্রণালির বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা এই প্রণালিটি আমাদের নিজেদের জিম্মায় রাখতে যাচ্ছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক হতে চলেছি।” তিনি আরও বলেন, এই দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ বা অর্থ পাওয়া উচিত।

ট্রাম্প প্রণালিটির সম্ভাব্য নাম উল্লেখ করে বলেন, “সম্ভবত আমরা এটিকে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ নাম দেব।” তার দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকার জন্য অর্থ প্রদান করা প্রয়োজন।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই জলপথ দিয়ে বৈশ্বিক বাজারের বড় একটি অংশের অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে প্রণালিটির গুরুত্ব অত্যন্ত বেশি। দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে এই জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এর আগে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এড়াতে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো পরিবর্তন বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।