কেন বিশ্বকাপ শেষ ইংলিশ দুই রেফারির


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
কেন বিশ্বকাপ শেষ ইংলিশ দুই রেফারির

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন ইংল্যান্ডের দুই শীর্ষ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে ফিফা তাদের আর কোনো ম্যাচে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা) আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। শুধু এই ম্যাচ নয়, ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালেও রেফারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ থাকছে না অলিভার ও টেলরের।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো রেফারি নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারেন না। এ ছাড়া কোনো ম্যাচে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেও রেফারি নিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়।

ইংল্যান্ডের রেফারি হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড এবার ভেঙেছেন মাইকেল অলিভার। এর আগে এই রেকর্ড ছিল হাওয়ার্ড ওয়েবের। তবে ইংল্যান্ড-আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের প্রেক্ষাপটে ফিফা এই দুই রেফারিকে দুই দলের ম্যাচ থেকে দূরে রাখছে।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে সংঘটিত হয়। ওই যুদ্ধে দুই দেশের ৯০৭ জন মানুষ নিহত হন। সম্প্রতি আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মুচাচোস’ গান গাওয়ার একটি ভিডিও নিয়েও আলোচনা হয়েছে, যেখানে ফকল্যান্ডস প্রসঙ্গ উঠে আসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, রেফারি নিয়োগের ক্ষেত্রে ফিফা প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ঐতিহাসিক বৈরিতার বিষয়টিও সেই বিবেচনার অংশ। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই নীতি অনুসরণ করা হয়েছিল। সে সময় আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে রেফারি হওয়ার সম্ভাবনা থাকলেও অ্যান্থনি টেলর দায়িত্ব পাননি। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া হলে টেলরের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা ছিল বেশি।

এবার ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের দরজা বন্ধ হয়ে গেছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার বা তেল্লোর কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। এদিকে স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ পরিচালনার জন্য এল সালভাদরের রেফারি ইভান বার্টনকে দায়িত্ব দিয়েছে ফিফা।