
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সমবায় অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’-এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। েদেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম ফকির বলেন, সারাদেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প’ শুরু করা হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ গ্রাম গড়ে তোলার উদ্দেশ্যে সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সমবায়ের মাধ্যমে গ্রামের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির ৩০০ পরিবারের মাঝে মোট দেড় কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ ঋণের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমবায় বিভাগের কর্মকর্তা, উপকারভোগী সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :