
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এতদিন এ খাতে কর্মকর্তারা মাসে ৫০ হাজার টাকা করে পেয়ে আসছিলেন।
সোমবার (১৩ জুলাই) ব্যয় সংকোচন নীতির আওতায় সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
সরকারের ব্যয় কমানোর ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকারি কর্মকর্তাদের জন্য বিনা সুদে গাড়ি কেনার ঋণ কার্যক্রমও স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে উপসচিব থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ বরাদ্দ কমে যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ২০১৭ সাল থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা চালু ছিল। তবে সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় গত বৃহস্পতিবার (৯ জুলাই) এ সুবিধা স্থগিত করা হয়।
এছাড়া সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থে বিদেশ সফর ও প্রশিক্ষণের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি ব্যয় কমিয়ে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকারের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে আনার লক্ষ্য রয়েছে।
গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে নতুন পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
আপনার মতামত লিখুন :