দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দলের সব পর্যায়ের ইউনিটকে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় দলীয় ইউনিটগুলোকে আরও সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রুত জাতীয় কার্যনির্বাহী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব মহাসচিবকে দেওয়া হয়েছে। সভায় মহাসচিব বিগত বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করেন।

এ ছাড়া বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার ও সেবায়েতদের ভাতা প্রদান কর্মসূচির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইশতেহারে দেওয়া লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করা হয়।

সভায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানানো হয়। দলীয় অবস্থান সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির জন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর এবং দুই দেশের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, দেশের মাদক সমস্যা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান। মির্জা আব্বাস ভার্চুয়ালি সভায় অংশ নেন।