
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের পাঁচ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকার সানলাইট সিনেমা হল সংলগ্ন নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। কিশোরীর সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন দুপুরে খাবার খাওয়ার সময় পারিবারিকভাবে বকাঝকার একপর্যায়ে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ছাইবা। এরপর পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
পরে গত রোববার নিখোঁজ কিশোরীর বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির পর পুলিশ ছাইবার অবস্থান শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান শুরু করে।
পরিবার জানায়, ছাইবা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তার নিখোঁজের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। পাঁচ দিন ধরে কোনো সন্ধান না পাওয়ায় স্বজনরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাকে খুঁজে পেতে আত্মীয়স্বজন ও পরিচিতদের পাশাপাশি বিভিন্ন স্থানে যোগাযোগ অব্যাহত রেখেছেন পরিবারের সদস্যরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন মাধ্যমে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে ছাইবা আক্তারের সন্ধান পেলে দ্রুত রূপগঞ্জ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :