
নরসিংদীর পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, স্বাস্থ্যবান করি; আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুর খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান উল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :