জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনে দেশে ১১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

এর আগে, চলতি বছরের জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে।

এ ছাড়া চলতি বছরের এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের নতুন রেকর্ড।

অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ, ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং প্রবাসীদের আস্থা বাড়ায় দেশে প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় ও সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতায় রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।