বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা এবং মূল্যস্ফীতির আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন ধারণায় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতুর দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭২ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার মূল্যও শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮১ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলার পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।

স্যাক্সো ব্যাংকের প্রধান বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়িয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কিছুদিন বাড়তি পর্যায়ে রাখতে পারে। ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের ফলন বৃদ্ধি পাওয়ায় সোনার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, বর্তমানে গ্রীষ্মকালীন ছুটির কারণে বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা কম রয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংকট ও জ্বালানির উচ্চমূল্য সোনার দামের ওপর আরও চাপ তৈরি করতে পারে।

সাধারণত সুদের হার বেড়ে গেলে বিনিয়োগকারীরা সোনার মতো কোনো লভ্যাংশ না দেওয়া সম্পদে বিনিয়োগ কমিয়ে দেন। কারণ তখন অন্যান্য সুদভিত্তিক বিনিয়োগ থেকে তুলনামূলক বেশি লাভের সুযোগ তৈরি হয়। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহে ছিল ৬৩ শতাংশ।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জুন মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই), খুচরা বিক্রির তথ্য এবং সাপ্তাহিক বেকারভাতা আবেদনের পরিসংখ্যান রয়েছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের কংগ্রেসে দেওয়া প্রথম বক্তব্যের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এদিকে শুধু সোনাই নয়, বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৭ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশের বাজারেও সোনার দাম বর্তমানে উচ্চ পর্যায়ে রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।