
শখের বশে শুরু করেছিলেন ছাদে কয়েকটি গাছ লাগানো। সেই ছোট উদ্যোগই আজ পরিণত হয়েছে সফল উদ্যোক্তা জীবনের অনন্য দৃষ্টান্তে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী শারমিন আক্তার নিজের হাতে গড়ে তোলা ছাদ বাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন।
পরিবেশবান্ধব এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার–২০২৫’-এ ‘ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন শারমিন আক্তার। রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাজশাহীর বিনোদপুরে তিনতলা বাড়ির নিচতলা ও ছাদজুড়ে গড়ে ওঠা তার বাগান স্থানীয়দের কাছে পরিচিত ‘কৃষিবাড়ি’ নামে। তবে বাগানের আনুষ্ঠানিক নাম ‘ন্যাচার’স টাচ’। ২০২২ সালে ছোট পরিসরে শুরু করা এই ছাদ বাগান বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত। এখানে দেশি-বিদেশি প্রায় ১১০ প্রজাতির সাড়ে তিন হাজারের বেশি গাছ রয়েছে।
শারমিনের বাগানে রয়েছে ফুল, ফল, সবজি, ঔষধি, ইনডোর ও আউটডোরসহ নানা ধরনের উদ্ভিদ। অ্যাডেনিয়াম, অ্যাগলোনিমা, স্নেক প্ল্যান্ট, ক্যাকটাস, মানি প্ল্যান্টের পাশাপাশি রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, রামবুটান, অ্যাভোকাডোসহ বিভিন্ন ফলজ গাছ। একই সঙ্গে কর্পূর, অশোক, হিজল, পলাশ ও বটের মতো দেশীয় গাছ সংরক্ষণেও কাজ করছেন তিনি।
বর্তমানে অনলাইন ও অফলাইনের মাধ্যমে বিভিন্ন প্রজাতির চারা ও টব বিক্রি করছেন শারমিন। এ ব্যবসা থেকে প্রতি মাসে গড়ে প্রায় এক লাখ টাকা আয় হচ্ছে। তার উদ্যোগে বর্তমানে তিনজন শ্রমিক কাজ করছেন। ভবিষ্যতে রাজশাহীতে আরও বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে তার।
শারমিন আক্তার বলেন, ছাদ বাগান শুধু শখের বিষয় নয়, এটি পরিবেশ রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় মাধ্যম। তিনি আরও বলেন, শুরুতে অনেকের নেতিবাচক মন্তব্য শুনতে হলেও পরিশ্রম ও ধৈর্যের কারণে আজ এই সাফল্য এসেছে।
তার স্বামী মোহা. জাহাঙ্গীর আলম জানান, গাছের প্রতি শারমিনের ভালোবাসা ছোটবেলা থেকেই। তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে দেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শারমিনের এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং শহুরে পরিবেশে সবুজায়ন ও ছাদ কৃষির জন্য একটি অনুকরণীয় উদাহরণ।
আপনার মতামত লিখুন :