দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৯৩ জন এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১৪ হাজার ৪৩১ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের মধ্যে এর বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে।
আপনার মতামত লিখুন :