
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে মাতামুহুরি নদীর তীব্র ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনের পাহাড়ি ঢল ও নদীর প্রবল স্রোতে পশ্চিমপাড়া, মাইজপাড়া, পূর্বপাড়া ও বড়ুয়াপাড়া এলাকায় ব্যাপকভাবে নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন অব্যাহত থাকলে বসতঘর, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নদীর পাড়ের অনেক অংশ ক্ষয়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছেন কয়েকটি এলাকার মানুষ।
চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে বমু বিলছড়ি একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে এ এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি নদীভাঙনও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে মাইজপাড়াসহ আশপাশের আরও কয়েকটি এলাকা ক্ষতির মুখে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা মো. আরিফুল ইসলাম বলেন, বমু বিলছড়ি ইউনিয়ন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন সুবিধা ও সরকারি সহায়তা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এলাকাবাসীর দাবি, মাতামুহুরি নদীর ভাঙন ঠেকাতে দ্রুত বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হলে ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :