বাঙ্গরায় ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
বাঙ্গরায় ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামচন্দ্রপুর আড়ালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. মোতালেব হোসেন (৩৭) এবং রামচন্দ্রপুর খানেপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে মো. জিলানী (২৬)।

পুলিশ জানায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেন। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।