রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের দায়িত্ব গ্রহণ


রূপগঞ্জ প্রতিনিধি, শান্ত মিয়া  প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাছির উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদ আল সোহান।

স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পর নবনিযুক্ত প্রশাসক মো. নুর নবী ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব নেন মো. ওয়াজেদ আলী ফকির মাসুদ, তৈয়বুর রহমান, মো. শাহাবউদ্দিন মোল্লা, মো. শরীফ মিয়া, নজরুল ইসলাম, মো. মামুন হোসেন ভূঁইয়া, মাহবুব রহমান, মো. রফিক মিয়া ও মো. আল আমিন মাসুদ। এ ছাড়া সংরক্ষিত সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেলিনা বেগম, হাসনারা বেগম ও রুবি আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের সেবা নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হবে। তারা নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।