এবারের বিশ্বকাপ থেকে যত টাকা আয় করল ফিফা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
এবারের বিশ্বকাপ থেকে যত টাকা আয় করল ফিফা

চলতি ২০২৬ বিশ্বকাপ ফুটবল থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। টুর্নামেন্ট থেকে সংস্থাটির আয় দাঁড়িয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ৫০০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।

রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফিফার এই রেকর্ড আয়ের তথ্য জানানো হয়েছে। এর আগে বিশ্বকাপ শুরুর আগে ফিফা ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে টুর্নামেন্ট শেষে সেই লক্ষ্য ছাড়িয়ে আয় বেড়েছে আরও ৪ বিলিয়ন ডলার।

শনিবার (১৮ জুলাই) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোকে এ রেকর্ড আয়ের তথ্য আনুষ্ঠানিকভাবে জানান। সংশ্লিষ্টরা বলছেন, এবারের বিশ্বকাপে হসপিটালিটি প্যাকেজ এবং টিকিটের সেকেন্ডারি মার্কেট থেকে বিপুল আয় হয়েছে। বিশেষ করে উচ্চমূল্যের ভিআইপি ও হসপিটালিটি টিকিট বিক্রি ফিফার আয়ের অন্যতম বড় উৎস হয়েছে। সেকেন্ডারি মার্কেটে টিকিট কেনাবেচার ক্ষেত্রে ফিফা ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ করে মোট ৩০ শতাংশ কমিশন গ্রহণ করে।

জানা গেছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগের দিনও ফিফার অফিসিয়াল পোর্টালে ভিআইপি টিকিট ও হসপিটালিটি প্যাকেজ বিক্রি হয়েছে। সেখানে ‘ট্রফি লাউঞ্জ’-এর একটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকা।

ফিফার জন্য এই বিপুল আয় বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ এবারের বিশ্বকাপ আয়োজন ঘিরে বিভিন্ন বিতর্কের মুখে পড়েছিল সংস্থাটি। বিশেষ করে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ড বাতিলের ঘটনায় সমালোচনা তৈরি হয়।

তবে ফিফা জানিয়েছে, সিদ্ধান্তটি তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে। যদিও এ নিয়ে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থার মধ্যে অসন্তোষ রয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ থেকে আয় বাড়ায় ফিফার সদস্য দেশগুলোও আর্থিকভাবে লাভবান হবে। ফলে সদস্য দেশগুলোর জন্য বাড়তি অনুদান ও সহযোগিতা ভবিষ্যতে ফিফা সভাপতির অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

এদিকে এবারের বিশ্বকাপের আর্থিক সাফল্যের কারণে যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে আরও বড় ফুটবল আয়োজনের সম্ভাবনাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে এককভাবে আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়েও আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ এককভাবে আয়োজনের বিষয়েও ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি।