ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ১৫ জন।

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি।