ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, সংসদের কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (১৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলটি তার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে সংসদীয় প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, সময়ের সঙ্গে সমাজের চাহিদার পরিবর্তন ঘটে। সেই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে মানুষের প্রয়োজন পূরণে আইন ও নীতিমালারও প্রয়োজনীয় সংশোধন করতে হয়।

তিনি সংসদের লাইব্রেরিতে সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ ও ইন্টার্নশিপ কর্মসূচি চালুর বিষয়ে ইউএনডিপির প্রস্তাবকে স্বাগত জানান। এর মাধ্যমে তরুণরা সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে বলে তিনি মত প্রকাশ করেন।

ডেপুটি স্পিকার সংসদের বিভিন্ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার প্রকল্পের সঙ্গে যেন কোনো ধরনের পুনরাবৃত্তি বা সমন্বয়হীনতা তৈরি না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য ইউএনডিপির সহায়তা প্রত্যাশা করেন। বৈঠকে ইউএনডিপির পক্ষ থেকে বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেওয়া হলে ডেপুটি স্পিকার এতে সম্মতি জানান।

এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এগিয়ে নিতে ইউএনডিপির উদ্যোগে সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজনের বিষয়টিকেও তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন।

সাক্ষাৎকালে ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নের নেতৃত্বে সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট ড্রাগন পোপোভিচ, তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।