
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা দ্বিতীয় মাসের মতো বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। মে মাসের ধারাবাহিকতা ধরে জুন মাসেও এ স্বীকৃতি অর্জন করেছেন তিনি।
বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে গলাচিপা উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, জুন মাসে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৫১৯টি, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, যেখানে নিবন্ধন হয়েছে ২৬৯টি। এ ক্ষেত্রে অর্জনের হার দাঁড়িয়েছে ২৩২ শতাংশ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে গলাচিপা উপজেলার সার্বিক অর্জনের হার হয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের ৪২টি উপজেলার মধ্যে সর্বোচ্চ।
জেলা ভিত্তিক মূল্যায়নে জুন মাসে পিরোজপুর জেলার মধ্যে প্রথম হয়েছে কাউখালী উপজেলা, যার গড় অর্জন ১১৩ দশমিক ৫ শতাংশ। বরগুনা জেলার মধ্যে বামনা উপজেলা ১০১ শতাংশ অর্জন করে প্রথম হয়েছে। ভোলা জেলার লালমোহন উপজেলা ৭৯ শতাংশ, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ১০২ শতাংশ এবং বরিশাল জেলার মুলাদী উপজেলা ৯৩ দশমিক ৫ শতাংশ অর্জন করে নিজ নিজ জেলায় প্রথম হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, এ অর্জন সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রামপুলিশসহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা এবং জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের দিকনির্দেশনায় এ সাফল্য এসেছে।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। এ কার্যক্রম আরও গতিশীল করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন আবুজর মো. ইজাজুল হক। এবারও ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।
আপনার মতামত লিখুন :