হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ শিশু। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে একজন ঢাকার এবং তিনজন সিলেটের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৬ হাজার ৭১০ শিশুর মধ্যে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশুর শরীরে। এদিকে, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫ হাজার ৫২৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ৬৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৮ শিশু। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের চিকিৎসা, নজরদারি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হামজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।