
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির পর উদ্বোধনের খবরের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার শারীরিক পরিবর্তন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে আগের তুলনায় কিছুটা ক্লান্ত ও ওজন কম মনে হওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। সেখানে তিনি সংস্থার আধুনিক আইটি সার্ভার রুম উদ্বোধন করেন এবং পুনর্বাসিত কয়েকটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। তবে তার এই মানবিক উদ্যোগের পাশাপাশি তার শারীরিক উপস্থিতিই বেশি আলোচনায় আসে।
অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত মন্তব্য করেন, আগের তুলনায় সালমানের ওজন কমেছে এবং মুখে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। কেউ কেউ তার চোখ ও হাঁটার ভঙ্গি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, অভিনেতাকে কিছুটা দুর্বল মনে হয়েছে এবং তার সুস্থতা কামনা করেছেন।
তবে অনেক অনুরাগী আবার সালমানের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, বয়স বাড়ার সঙ্গে শারীরিক পরিবর্তন স্বাভাবিক বিষয়। অনেক তারকা নিজেদের বয়স লুকানোর চেষ্টা করলেও সালমান নিজের স্বাভাবিক রূপেই ভক্তদের সামনে হাজির হচ্ছেন, যা প্রশংসনীয়।
এদিকে সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অসুস্থতার তথ্য জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা ও গুঞ্জনের সত্যতা এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে আলোচনা চললেও অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে বলিউডে চলছে আলোচনা। জানা গেছে, সিনেমাটির নাম আগে ‘ব্যাটল অব গালওয়ান’ থাকলেও পরে গল্পের পরিবর্তনের কারণে নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ছবিটির কিছু অংশের পুনঃশুটিং চলছে।
অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খান প্রযোজিত এ সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেলের চরিত্রে অভিনয় করছেন সালমান। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এদিকে সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে গেছে বা নির্মাণ বন্ধ হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সালমান খান ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। তাই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।
এ ছাড়া ২০২৭ সালের ঈদে মুক্তির সম্ভাব্য ‘এসভিসি-৬৩’ সিনেমায় অভিনেত্রী নয়নতারার সঙ্গে দেখা যাবে সালমান খানকে। পাশাপাশি ‘রাজা শিবাজি’ সিনেমায় তার বিশেষ উপস্থিতিও আলোচনায় এসেছে। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, সালমান খানের স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তাই ভক্তরা অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।
আপনার মতামত লিখুন :