মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
মব সংস্কৃতি চালু করেছেন এনসিপি নেতারা: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন এবং তাদের বক্তব্য অনেক সময় লাগামহীন। দেশে মবোক্রেসির (জনতার চাপ প্রয়োগের রাজনীতি) সংস্কৃতি তারাই চালু করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ভূরাজনৈতিক কারণে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্টরা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ধরনের পরিকল্পনা করছে এবং নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশকে কোনো ধরনের বিভাজন বা বিশৃঙ্খলার দিকে না নিয়ে গিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করা হয়েছিল, যার পরিণতিতে তার অনিবার্য পতন হয়েছিল।

তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রত্যাশা করে। তাই দেশকে ভিন্ন দিকে ধাবিত করার যেকোনো অপচেষ্টা থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় ভাসানী জনশক্তি পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।