
পঞ্চগড়ের মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, উত্তরাঞ্চলের উন্নয়নে আলাদা বাজেটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো পঞ্চগড় চেম্বারের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পঞ্চগড় চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “উত্তরাঞ্চলের জন্য আলাদা করে বাজেট দেওয়ার বিষয়ে কাজ করা হচ্ছে। নির্বাচনের সময় যে ইশতেহার দেওয়া হয়েছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকার গঠনের পাঁচ মাসের মতো সময় হয়েছে, এজন্য কিছুটা সময় প্রয়োজন।”
তিনি বলেন, পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে বাংলাবান্ধা স্থলবন্দর, চা শিল্পসহ বিভিন্ন খাতকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি পঞ্চগড় সুগার মিল চালুর বিষয়েও আলোচনা চলছে বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী আগস্ট মাসে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবন চালুর আশা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফ হোসেন। চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চেম্বারের পরিচালক ও পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সিনিয়র সহসভাপতি আবু হিরন, কোষাধ্যক্ষ সফিউজ্জামান পাটোয়ারী রুবেল, পরিচালক হায়াতুন আলম, কামরুজ্জামান শাহান শাহ, সোহেল রানা মানিক, রায়হানুল আলম প্রধান ও হারুন অর রশীদ বাবু।
সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য, পরিচালক, ব্যবসায়ী, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :