
চলতি গ্রীষ্মে তৃতীয়বারের মতো তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে দেশটিতে নতুন করে তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। এ সময় দেশটির বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয়ের কারণে উত্তর আফ্রিকা থেকে আসা শুষ্ক ও অতি উষ্ণ বায়ু স্পেনের ওপর আটকে থাকবে। এর ফলে দেশজুড়ে কয়েক দিন ধরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা বিরাজ করবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ জুলাই পর্যন্ত গরমের তীব্রতা ধীরে ধীরে বাড়তে পারে। বৃহস্পতিবার তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এ সময় কিছু বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে।
এইএমইটি সতর্ক করে জানিয়েছে, দিনের মধ্যভাগে তাপমাত্রাজনিত ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে খোলা জায়গায় কাজ করা শ্রমিক, বয়স্ক ব্যক্তি, শিশু এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
চলতি গ্রীষ্মে এর আগেও দুই দফা তাপপ্রবাহের কবলে পড়েছে স্পেন। এর মধ্যে জুনের শেষের দিকে আঘাত হানা তাপপ্রবাহ ইউরোপের অতীতের অনেক তাপমাত্রার রেকর্ড ভেঙে দেয়। এরপর জুলাইয়ের শুরুতেও দেশটিতে তীব্র গরম অনুভূত হয়।
এইএমইটি জানিয়েছে, ১৯৬১ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এবারের গ্রীষ্মের প্রথমার্ধ স্পেনের মূল ভূখণ্ডে সবচেয়ে উষ্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশটির গড় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ের গড় তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রির চেয়ে ৩ দশমিক ৩ ডিগ্রি বেশি।
বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা, স্থায়িত্ব ও ঘনঘন ফিরে আসার প্রবণতা বাড়ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে গাছপালা শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে ১৩ জনের মৃত্যু হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির অন্যতম প্রাণঘাতী দাবানলের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :