গোল্ডেন বুটের জন্য মেসির সামনে কঠিন সমীকরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
গোল্ডেন বুটের জন্য মেসির সামনে কঠিন সমীকরণ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন শিরোপার পাশাপাশি ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিয়েও জমে উঠেছে লড়াই। এই দৌড়ে এখন এগিয়ে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন।

বর্তমানে এমবাপ্পের ঝুলিতে রয়েছে ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সংগ্রহ ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে দুই গোলের ব্যবধানে এগিয়ে আছেন ফরাসি সুপারস্টার।

ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স শুধু গোল্ডেন বুটের লড়াইকেই আরও আকর্ষণীয় করে তোলেনি, বরং বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক কীর্তি গড়েছে। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড।

অন্যদিকে, ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গোল্ডেন বুট জিততে হলে মেসিকে অন্তত দুই গোল করতে হবে। তাতে তার গোলসংখ্যাও দাঁড়াবে ১০-এ এবং এমবাপ্পের সমান হবে। তবে শুধু গোল সমান হলেই হবে না। ফিফার নিয়ম অনুযায়ী গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্ট, এরপর মাঠে কম সময় খেলে একই সংখ্যক গোল করার বিষয়টি বিবেচনায় এনে বিজয়ী নির্ধারণ করা হয়। বর্তমানে দুই খেলোয়াড়েরই অ্যাসিস্ট সংখ্যা ৪টি হওয়ায়, টাইব্রেকারের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফলে এবারের বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়েও পরিণত হয়েছে। একদিকে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্য, অন্যদিকে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা—দুই স্বপ্ন নিয়েই মাঠে নামবেন লিওনেল মেসি। আর ফুটবলপ্রেমীদের নজর থাকবে, শেষ ম্যাচে তিনি কি না নতুন ইতিহাস গড়ে এমবাপ্পেকে টপকে ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নিতে পারেন।