এবার মেসিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
এবার মেসিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েও বিনয়ী থাকলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজের নামে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড যুক্ত হওয়ার পরও তিনি মনে করেন, ফাইনালে গোল করে আবারও তাকে ছুঁয়ে ফেলতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন এমবাপ্পে। ওই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২-এ। এর ফলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ফরাসি এই ফরোয়ার্ড। মেসির বর্তমান গোলসংখ্যা ২১।

তবে এমবাপ্পের এই রেকর্ড বেশিদিন এককভাবে থাকবে কি না, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। কারণ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে এবং সেখানে মেসির সামনে রয়েছে এমবাপ্পেকে ছুঁয়ে ফেলার সুযোগ। ফাইনালে দুই গোল করতে পারলে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ভাগ বসাবেন এমবাপ্পের রেকর্ডে।

ইংল্যান্ডকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করার পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, “রোববারও গোল করবেন মেসি। এটা নিশ্চিত।” তার এই মন্তব্যে প্রতিপক্ষের প্রতি সম্মান ও বিনয়েরই প্রকাশ পেয়েছে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ গোল করেছেন এমবাপ্পে। ফলে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পে বলেন, “আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে। বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন, তখন সেটি আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়।”

তবে রেকর্ডের আনন্দের মাঝেও রয়েছে তার আক্ষেপ। ফ্রান্স ফাইনালে উঠতে না পারায় হতাশ এই তারকা। তিনি বলেন, “সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। উত্তরাধিকার বা রেকর্ডের জন্য এটি হয়তো ভালো, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় এসব নেই।”

বিশ্বকাপের ফাইনালে আজ আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। শিরোপার লড়াইয়ের পাশাপাশি ম্যাচটি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইকেও আরও আকর্ষণীয় করে তুলেছে। ফুটবলপ্রেমীদের চোখ এখন ফাইনালের মাঠে—মেসি কি পারবেন এমবাপ্পের রেকর্ড স্পর্শ করতে, নাকি ফরাসি তারকার রেকর্ড অক্ষুণ্ন থাকবে?