মানবিক ও জনবান্ধব নেতৃত্বে আলোচনায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম


স্টাফ রিপোর্টার, জি এম সাগর হোসেন প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
মানবিক ও জনবান্ধব নেতৃত্বে আলোচনায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিভিন্ন জনসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয়দের ভাষ্য, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, খাদ্য সহায়তা প্রদান, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সক্রিয়ভাবে দেখা যায়। এছাড়া বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন বলেও জানান তারা।

ইউনিয়নবাসীর অভিযোগ বা সমস্যা সরাসরি শুনে তা সমাধানের চেষ্টা করেন বলেও স্থানীয়রা উল্লেখ করেন। তাদের মতে, এ কারণে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে।

মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিষ্ণুপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

স্থানীয় সচেতন মহলের মতে, জনসেবামূলক কার্যক্রম, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ইউনিয়নবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।