ফাইনাল উদযাপনে মাদারীপুরে স্পেন সমর্থকদের ‘এলাহী আয়োজন’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
ফাইনাল উদযাপনে মাদারীপুরে স্পেন সমর্থকদের ‘এলাহী আয়োজন’

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে সারাদেশের মতো মাদারীপুরের শিবচরেও বইছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে উপজেলার কাদিরপুর এলাকায় স্পেন সমর্থকদের ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দলের সম্ভাব্য শিরোপা জয়ের প্রত্যাশায় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মহিষ জবাই করে কয়েকশ ফুটবলপ্রেমীর জন্য এলাহী ভূরিভোজের আয়োজন করেছেন তারা।

জানা গেছে, বিশ্বকাপ শুরুর পর থেকেই কাদিরপুর এলাকায় স্পেন সমর্থকরা বিশাল বিশাল পতাকা, ব্যানার ও ফেস্টুন টানিয়ে নিজেদের সমর্থনের জানান দিয়ে আসছেন। স্পেন ফাইনালে জায়গা নিশ্চিত করার পর সেই উৎসব আরও বর্ণিল হয়ে ওঠে। এ আয়োজনের প্রধান অর্থায়ন করেছেন স্পেনপ্রবাসী রবি হাওলাদার ও শাহিন মাদবর, পাশাপাশি কানাডাপ্রবাসী মো. কালাম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন স্থানীয় সমাজসেবক আব্দুল গাফফার মুন্সী সোহাগ।

আয়োজকরা জানান, ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে কুষ্টিয়া থেকে মহিষটি কেনা হয়েছে। প্রায় ৬ মণ (প্রায় ২৪০ কেজি) মাংস পাওয়া গেছে ওই মহিষ থেকে। রাতের ভূরিভোজে কয়েকশ মানুষ অংশ নেবেন। একই সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় স্পেন সমর্থকদের ভাষ্য, টুর্নামেন্টের শুরু থেকেই তারা দলটির পাশে রয়েছেন। এলাকার বিভিন্ন স্থানে বড় বড় পতাকা টানিয়ে উৎসবের আমেজ তৈরি করা হয়েছে। ফাইনাল উপলক্ষে মহিষের মাংস দিয়ে ভোজের আয়োজন তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

মূল আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, এই আয়োজন শুধু স্পেন সমর্থকদের জন্য নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডসহ অন্যান্য দলের সমর্থকদেরও আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই একসঙ্গে খেলা উপভোগ করবেন এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। তবে মাঠের লড়াইয়ে তাদের প্রত্যাশা, শেষ পর্যন্ত স্পেনই বিশ্বকাপের শিরোপা জিতবে।

বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে কাদিরপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় উৎসবের আবহ সৃষ্টি করেছে। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের একসঙ্গে আমন্ত্রণ জানিয়ে ফুটবলকে সম্প্রীতির বন্ধনে রূপ দেওয়ার এ আয়োজন স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে।