পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত আনতে গিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। স্বজন ও স্থানীয়দের দাবি, ধার দেওয়া ১৮ হাজার টাকা ফেরত চাইতে গিয়েই তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন আলিনুর। দীর্ঘদিন পার হয়ে গেলেও রাজিব টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে আসছিলেন। পরে শনিবার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেন রাজিব ও তার সহযোগীরা।

নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, টাকা নেওয়ার জন্য আলিনুর তাকে সঙ্গে নিয়ে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে, রাজিবের বাড়ির কাছাকাছি এলাকায় যান। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওৎ পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা আলিনুরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলিনুরকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিৎ কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একজন যুবককে এভাবে হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।